নরসিংদীর রাঙামাটি কোনাপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জিহাদ সরকার নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে হামলার পর আহত জিহাদ সরকারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জিহাদ সরকারকে বলতে শোনা যায়, “মাসুদ পেছন থেকে কোপ দিয়েছে, আর আবির সামনে থেকে কোপ দিয়েছে।” তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে কাজ করছে প্রশাসন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার খবরের কাগজকে বলেন, ঘটনার ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। আহত ব্যক্তি বা তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত নরসিংদী মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

