‘সবুজ হোক পৃথিবী, টিকে থাকুক প্রাণপ্রকৃতি’- এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘গ্রিন কোয়ালিশন কমিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্বুদ্ধ করা।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি কাইলাটি ইউনিয়নের নেত্রকোনা-কেন্দুয়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রশিদ। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে গাছ লাগানোর পাশাপাশি তার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ফজলে রাব্বি ও বারসিক কর্মকর্তা রোখসানা রুমি। এছাড়া স্থানীয় পরিবেশকর্মী, যুব সমাজের প্রতিনিধি এবং বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের সামাজিক আন্দোলন নিয়মিত হওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

