মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশ গঠন ও দেশের উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন নাজিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মিসেস নওশীন আরজান হেলাল।
সোমবার (২৯ জুন) উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী শাহীনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য ও প্রভাষক মিসেস মোসফেকা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে নওশীন আরজান হেলাল বলেন, আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কলেজ পরিচালনা পরিষদ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, জি.বি. সদস্য কাজী সাইফুল ইসলাম টুটুল এবং উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও গভর্নিং বডির সদস্য ও কলেজের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে ঔষধি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় এবং প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পড়ুন : দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু: বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজন


