বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সুজিত (২২) নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ৬ নম্বর কাকচিড়া ইউনিয়নের রুপধন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআই সৌরভ সাহা ও সঙ্গীয় ফোর্স রুপধন এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটক যুবকের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, সে রুপধন এলাকার তাপস বিশ্বাসের ছেলে সুজিত (২২)। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে খবরের কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : মদনে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তাসহ ৫ টন চাল জব্দ


