আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডে জনসংযোগ ও গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ সৈকত হাওলাদার। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে উন্নয়ন, শিক্ষা, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধভিত্তিক একটি আদর্শ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিজেকে এলাকারই সন্তান উল্লেখ করে সৈকত হাওলাদার বলেন, তিনি ছোটবেলা থেকে হোগল পাতিয়া গ্রামের মাটিতে বেড়ে উঠেছেন এবং এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই জনগণের সেবক হওয়ার স্বপ্ন নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। “আমার একমাত্র লক্ষ্য হলো আমাদের প্রিয় ০৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা। ঝাউদি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চাই।”
মেম্বার প্রার্থী সৈকত হাওলাদার আরও বলেন, তিনি এমন একটি সমাজ দেখতে চান যেখানে মাদক ও জুয়ার কোনো স্থান থাকবে না, যুবসমাজ বিপথগামী হবে না এবং প্রতিটি পরিবার শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে।
নির্বাচনী প্রতিশ্রুতির পরিবর্তে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি কথার রাজনীতি নয়, কাজের রাজনীতি করতে চাই। জনগণের পাশে থেকে তাদের সমস্যা শুনে এবং অধিকার আদায়ে সর্বদা কাজ করে যেতে চাই।ওয়ার্ডবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, শিক্ষিত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে তিনি বলেন, একটি ভোট শুধু একজন প্রার্থীকে বিজয়ী করবে না, বরং একটি সুন্দর আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম করবে।
শেষে তিনি ০৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা এবং আন্তরিক সমর্থন কামনা করেন।
পড়ুন- ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ


