প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনায় চীনের প্রাথমিক প্রস্তাবে নদীশাসন, ড্রেজিং এবং নদীতীর সংরক্ষণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় তিস্তায় নতুন একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, অন্য কোনো দেশের নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বাংলাদেশ তা বিবেচনায় নেবে, তবে দেশের স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
দুর্নীতির বিষয়ে তিনি বলেন, এটি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তার মতে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত স্বাধীনভাবে অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত করা। একইভাবে আগের কিংবা বর্তমান সরকারের কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তা-ও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় রিফাইন্ড, তৃণমূল বা অন্য কোনো নামে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সুযোগ নেই। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকাই সরকারের অবস্থান।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। যারা এ নির্দেশনা উপেক্ষা করছেন, তারা আদালতের আদেশ লঙ্ঘন করছেন। এ ক্ষেত্রে গণমাধ্যম আদালতের নির্দেশনা মেনে চলবে বলে সরকার প্রত্যাশা করে।
তথ্য কমিশন ও গণমাধ্যম কমিশন গঠনের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই দুটি কমিশন গঠন করা হবে।
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে দেশে স্বাভাবিক সময়ের তুলনায় খাদ্য মজুদ বেশি রয়েছে। এতে বাজারে মূল্য স্থিতিশীল রাখা সহজ হচ্ছে এবং কৃষকরাও ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, যাতে টিসিবির ট্রাক পরিচালনার প্রয়োজন না পড়ে।
তিনি জানান, দেশের সব টোল প্লাজায় একটি সমন্বিত ইন্টিগ্রেটেড ট্যাগের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর কাজ চলমান রয়েছে।
স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ হওয়ার কথা থাকলেও এবার তা ১৫ মাস পর বিতরণ করা হয়েছে।
হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, চলতি বছরের সব হাজি দেশে ফিরেছেন এবং বর্তমানে কোনো হাজি নিখোঁজ নেই।
ডিজিটাল সংযোগ সম্প্রসারণের বিষয়ে উপদেষ্টা বলেন, হাওর, বাওড় ও অন্যান্য প্রান্তিক এলাকায় ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এক হাজারের বেশি হটস্পট চালু করা হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি আরও জানান, বজ্রপাতে প্রাণহানি কমাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কৃষক ছাউনি নির্মাণ এবং বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
জাতীয় পতাকায় আরবি হরফ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কেন এ ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এতে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: বিধ্বস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭০০, নিখোঁজদের উদ্ধারের আশা ক্ষীণ
আর/


