বিশ্বকাপের শেষ ৩২–এর ম্যাচে আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়েছে নরওয়ে। এই ম্যাচ শেষে নিশ্চিত হলো শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষও। আগামী ৫ জুলাই রাত ২টায় নিউজার্সিতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।
গোল পেলেন আর্লিং হলান্ড। ৮৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে প্যাট্রিক বার্গ তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বল পাঠান হলান্ডের উদ্দেশে। আলতো ছোঁয়ায় সহজেই বল জালে জড়ান ম্যানচেস্টার সিটি তারকা।
নরওয়ের বিপক্ষে সমতায় ফিরেছে আইভরিকোস্ট। ম্যাচের ৭৪ মিনিটে অনেকটা একক কৃতিত্বে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন আমাদ দিয়ালো।
ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে নরওয়ে। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ৪৫ মিনিটে একমাত্র গোলটি করেন উইঙ্গার আন্তোনিও নুসা।
ম্যাচের ৩৯তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত কোনাকুনি শটে আইভরি কোস্টের জালে বল জড়িয়ে নরওয়েকে এগিয়ে দেন নুসা। তার এই গোলেই বিরতিতে লিড নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের দলটি।
যদিও স্কোরলাইনে পিছিয়ে রয়েছে আইভরি কোস্ট, তবুও আক্রমণে খুব একটা পিছিয়ে ছিল না আফ্রিকার প্রতিনিধিরা। প্রথমার্ধে নরওয়ে ৬টি শট নিলেও আইভরি কোস্ট নিয়েছে ৫টি। তবে তাদের চারটি শটই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি দলটি।
এই ম্যাচের বিজয়ী দল আগামী ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে প্রায় পুরো একাদশ বদলে খেলিয়েছিলেন নরওয়ের কোচ। সেবার শুরুর একাদশে ছিলেন না তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তবে আইভরি কোস্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে দুজনকেই আবার প্রথম একাদশে ফিরিয়ে আনা হয়েছে। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে কেবল প্যাট্রিক বার্গই জায়গা ধরে রেখেছেন।


