বর্ষার আমন মৌসুমের শুরুতে কৃষকের হাতে পৌঁছাতে শুরু করেছে সরকারি প্রণোদনার সার, বীজ ও চারা। আকাশে মেঘ, মাঠে সবুজের স্বপ্ন—সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুরু হয়েছে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯৪৪ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ, মরিচ ও বিভিন্ন সবজির বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা দিয়ে আসছে। এমন উদ্যোগ কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষিকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
পড়ুন : মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় ফের বেড়েছে জ্বালানি তেলের দাম
সা/


