বিজ্ঞাপন

নাগরিকদের চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে কেসিসি: প্রশাসক মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নাগরিকদের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়েই খুলনা মহানগরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নগরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রয়োজন জানার চেষ্টা করেছেন এবং সেসব বিষয়ই আগামী দিনের করণীয় নির্ধারণে সহায়ক হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিক ফোরাম’ আয়োজিত ‘প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক ফোরাম এ উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের মহাসচিব এস. এম. ইকবাল হাসান তুহিন।

কেসিসি প্রশাসক বলেন, শিগগিরই সিটি করপোরেশনের নতুন বাজেট ঘোষণা করা হবে। নাগরিক ফোরামের উপস্থাপিত প্রস্তাবনাগুলো গঠনমূলক, বাস্তবসম্মত এবং অধিকাংশই বাস্তবায়নযোগ্য। এসব বিষয় ইতোমধ্যে কেসিসির উন্নয়ন পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে। এখন প্রয়োজন দ্রুত বাস্তবায়ন।

তিনি বলেন, ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা, জোয়ারের সময় বৃষ্টির পানি নিষ্কাশনে পাম্প স্থাপন, বর্জ্য রিসাইক্লিং সেন্টার চালু, বাইরে থেকে নগরীতে ইজিবাইকের প্রবেশ নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে তিনি নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের পিপলস মিলের পশ্চিম ও পূর্ব পাশে স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, পাওয়ার হাউজ গেট থেকে পিপলস গেট এবং পিপলস গেট থেকে ক্রিসেন্ট গেট পর্যন্ত ড্রেন সংস্কার এবং পাওয়ার হাউজ গেট সংলগ্ন গণশৌচাগারে সুপেয় পানির ব্যবস্থা করার প্রস্তাব উপস্থাপন করা হয়।

নাগরিক ফোরামের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ এবং বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান। সমাপনী বক্তব্য দেন নাগরিক ফোরামের কো-চেয়ারপারসন সরদার আবু তাহের। অনুষ্ঠানে কেসিসির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক এবং নাগরিক ফোরামের কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে দুপুর দুপুর ১টায় বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন কেসিসি প্রশাসক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ধারের টাকা চাওয়ায় চাচা চাচির বিরুদ্ধে মানব পাচারের মামলা করল ভাতিজা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন