পিরোজপুরের মঠবাড়িয়ার বহুল আলোচিত ইউসুফ শরীফ হত্যা মামলার প্রধান আসামি আরাফাত শরীফ (৩০)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার পুরাতন উপজেলা ভবনের সামনে থেকে র্যাব-৮, সিপিএসসি বরিশাল এবং র্যাব-৭, চট্টগ্রাম ও সিপিসি-১, ফেনী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত শরীফ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে গত ২৪ মে ২০২৬ তারিখ দুপুরে একই গ্রামের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫)-কে ডেকে নিয়ে ফজলুল হক শরীফের বাড়ির উঠানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পিতা ফজলুল হক শরীফ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
পড়ুন: সোনার দামে বড় লাফ
আর/


