বিজ্ঞাপন

অস্ত্রধারী ও মাদক নির্মূলে প্রয়োজনে আরেকটি ‘ক্লিন হার্ট’ হবে: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি বলেছেন, যারা অস্ত্র ব্যবসা করেন, অস্ত্র দিয়ে ডাকাতি করেন এবং মানুষ খুন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রয়োজনে সামরিক বাহিনী দিয়ে ‘ক্লিন হার্ট’-এর মতো আরেকটি অভিযান পরিচালনা করে আপনাদের উচ্ছেদ করা হবে। বেগমগঞ্জে কোনো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রধারীর স্থান হবে না।

শনিবার বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বরকত উল্লাহ বুলু আরও বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের সঙ্গে অনেক সময় অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীরাও ছবি তুলতে পারে, আমরা তো সবাইকে চিনি না। তাই অস্ত্র ও মাদক নির্মূলে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তিনি আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট ঘোষণা করেছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সর্বপ্রথম সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করতে হবে। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও গতিশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এবং চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ প্রমুখ।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে দুপুর থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় তারা মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : নাগরিক টিভির সংবাদে সাড়া, ইসরাফিলের পরিবারের পাশে পলাশ ধর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন