টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ ও গাঁজার পাতা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজা চাষের অভিযোগে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ইয়াবাসহ আটক অপর এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ
মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৯:৩০ মিনিট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে মির্জাপুর উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি দল উপজেলার জামুর্কী ইউনিয়নের কড়াইল গ্রামে অভিযান চালায়। এ সময় মো. রিপনের বাড়ির আঙিনায় চাষ করা তিনটি গাঁজা গাছ এবং একটি সিনথেটিক ব্যাগে রাখা ১৪০ গ্রাম গাঁজার পাতা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. লাবলু মিয়াকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন:ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ চরমে
ইমি/


