চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বিপরীতমুখী লেনে উঠে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রাইভেটকারটির চালক বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১০ জুলাই) সকাল ১০ টার দিকে সীতাকুণ্ড উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগার হাট এলাকার ভূঁইয়ার বটতল, বিকেওয়াই জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখে দ্রুতগতিতে চলছিল একটি প্রাইভেটকার। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের বিভাজক অতিক্রম করে বিপরীতমুখী লেনে উঠে যায়। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কুমিরা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : ৫টি নদীর পানি বিপৎসীমার উপরে: বন্যা পূর্বাভাস কেন্দ্র
সা/


