নরসিংদীর শিবপুরে একটি মোটর ওয়ার্কস গ্যারেজ থেকে মাধবদী পৌরসভার নিখোঁজ হওয়া দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত ‘চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মোটর ওয়ার্কস’ গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ভারী যানবাহনগুলোতে কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট ছিল না। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ ঘটনাস্থলে এসে গাড়িগুলো পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিকও বিষয়টি স্বীকার করেছেন। উদ্ধারকৃত যানবাহনসমূহ দ্রুত মাধবদী পৌরসভায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
গ্যারেজ মালিক জনাব তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের বরাতে প্রশাসন জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের বেশ কিছুদিন আগে মাধবদী পৌরসভার মোট চারটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার মেরামতের জন্য এই গ্যারেজে আনা হয়েছিল। এর মধ্যে দুটি ড্রাম ট্রাক মেরামত শেষে ৫ আগস্টের আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে অবশিষ্ট দুটি ড্রাম ট্রাক এবং একটি পে-লোডার দীর্ঘদিন ধরে এই গ্যারেজেই পড়ে ছিল।
গ্যারেজ মালিক তাজুল ইসলাম প্রশাসনের কাছে স্বীকার করেছেন যে, ৫ আগস্টের পর থেকে তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে এই গাড়িগুলোর বিষয়ে কোনো যোগাযোগ করেননি। বিষয়টিকে তিনি নিজের একটি ‘অনভিপ্রেত ত্রুটি’ বলে দাবি করেন।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে এবং ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন : মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ঠিকাদারের বিল স্থগিত; দুই কর্মকর্তাকে শোকজ


