বিজ্ঞাপন

দিনাজপুরে পার্বতীপুরে এতিমখানার উন্নয়নে ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকার অনুদান বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, আবাসন ও মানবিক কল্যাণ নিশ্চিত করতে সরকার নিবন্ধিত এতিমখানাগুলোর মাঝে ২০২৫–২৬ অর্থবছরের প্রথম কিস্তির ক্যাপিটেশন গ্র্যান্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫টি নিবন্ধিত এতিমখানার প্রতিনিধিদের হাতে ৬ মাসের অনুদানের চেক তুলে দেন। এ পর্যায়ে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়সহ বিভিন্ন নিবন্ধিত এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সম্পাদক, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বলেন, বর্তমান সরকার এতিম ও অসহায় শিশুদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের উন্নত শিক্ষা, নিরাপদ আবাসন এবং মানবিক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, পার্বতীপুর-ফুলবাড়ীর উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই অনুদান সেই উন্নয়ন কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ক্যাপিটেশন গ্র্যান্ট এতিম শিশুদের শিক্ষা, লালন-পালন ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান আরও উন্নত হবে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার সরকার নিবন্ধিত ৩৫টি এতিমখানায় অধ্যয়নরত মোট ৯২৬ জন এতিম শিক্ষার্থী এ ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর জন্য মাসিক ২ হাজার টাকা হারে ৬ মাসের অনুদান হিসেবে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, জনকল্যাণমুখী এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় পার্বতীপুর-ফুলবাড়ীতে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষার পরিধি আরও বিস্তৃত হবে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

পড়ুন : কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন