বিজ্ঞাপন

জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডে কৃতী কুয়েট শিক্ষার্থীদের সংবর্ধনা

১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজন) ২০২৫-এ কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের দাপ্তরিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে গণিতচর্চা ও সাংগঠনিক নেতৃত্বে অবদানের জন্য কুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি শাহরিয়ার সাজ্জাদ সজল এবং সাধারণ সম্পাদক মোস্তফা আদীব চৌধুরীকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড (খুলনা রিজন) ২০২৫-এ কুয়েটের শিক্ষার্থীরা একাধিক শীর্ষস্থান অর্জন করেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ফারজামুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তফা আদীব চৌধুরী।

এ ছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অঙ্কন হালদার পঞ্চম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সানজানা চৌধুরী সপ্তম, ইইই বিভাগের শাহরিয়ার সাজ্জাদ সজল অষ্টম, একই বিভাগের সাম্য বাছাড় নবম এবং সিএসই বিভাগের নিশাদুজ্জামান নিশাদ দশম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, গণিত কেবল একটি বিষয় নয়, এটি যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি ও উদ্ভাবনী সক্ষমতার মৌলিক ভিত্তি। জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডে কুয়েট শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার স্বীকৃতি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. হাসান আলী, উপ-পরিচালক ও এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল আলম এবং সহকারী পরিচালক ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ।

এ সময় বক্তব্য দেন অলিম্পিয়াডের কুয়েট মডারেটর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. এম. এম. তাওহিদ হোসেন এবং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষক ও কুয়েট ম্যাথ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রকৌশল শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভিত্তি হিসেবে গণিতের গুরুত্ব অপরিসীম। জাতীয় পর্যায়ের এ সাফল্য কুয়েটের মানসম্মত শিক্ষা, গবেষণামুখী পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন। ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুয়েটের শিক্ষার্থীরা আরও সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপাচার্য কৃতী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে সম্মাননা প্রদান শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও কুয়েট ম্যাথ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি স্মারক আলোকচিত্র ধারণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন