বিজ্ঞাপন

কেসিসিতে ৭৫০ শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত, রাতেই অপসারণ হবে নগরীর বর্জ্য

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পরিচালনা কমিটির ১৩তম সভায় মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে ১০০ জন এবং বর্জ্য ব্যবস্থাপনায় ৬৫০ জন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুপুরের পর বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) স্থানান্তর এবং দিনের পরিবর্তে রাতের বেলায় বর্জ্য অপসারণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত কেসিসির পরিচালনা কমিটির ১৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভার শুরুতে চট্টগ্রামে পাহাড়ধসসহ দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় সোনাডাঙ্গা সোলার পার্কে বেসরকারি উদ্যোগে সৌরবিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ এগিয়ে নেওয়া, খুলনা ওয়াসার খনন করা সড়ক দ্রুত মেরামতের লক্ষ্যে কেসিসি ও ওয়াসার যৌথ সভা আয়োজন, বড় ড্রেন থেকে ঠিকাদারের মাধ্যমে বর্জ্য অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য রূপসা স্লুইস গেটে পরীক্ষামূলকভাবে পাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া ট্রাক টার্মিনালসংলগ্ন পাইকারি কাঁচাবাজারে অনুমোদনহীন ৫৩টি আড়তঘরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন এবং আগামী মাসের প্রথম দিকে ২০২৬-২৭ অর্থবছরের কেসিসির বাজেট ঘোষণা করার সিদ্ধান্ত হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পিটিআই মোড়, নতুন বাজার মোড়, কবির বটতলা ও কল্পতরু মার্কেট এলাকার এসটিএস স্থানান্তরের জন্য প্রয়োজনীয় জায়গা বরাদ্দ চেয়ে জেলা প্রশাসন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। নিরালা কবরস্থানসংলগ্ন এসটিএসে যাতায়াতের জন্য কেডিএ নির্মাণাধীন সড়কের কাজ দ্রুত শেষ করার অনুরোধও জানানো হবে।

সভায় রূপসা পাইকারি মৎস্যবাজারসংলগ্ন এলাকায় হাঁস-মুরগি ও ডিমের পাইকারি বাজার স্থাপন এবং নারী উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক স্থানে বিক্রয়কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে জায়গা বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি দুই ওয়ার্ডে অন্তত একটি ছোট খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ এবং শহীদ হাদিস পার্কসংলগ্ন খুলনা ওয়াসার ছয়টি ক্লোরিন গ্যাস সিলিন্ডার নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সঞ্চালনায় সভায় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, কেএমপি, কেডিএ, জেলা প্রশাসন, ওয়াসা, বিটিসিএল, ওজোপাডিকো, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, শিক্ষা বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন