জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ আকন্দ উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকার মৃত আব্দুল গণির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন বলেন, মাসুদ আকন্দ তার চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের পক্ষ থেকে ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।
পড়ুন : কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসে অব্যবস্থাপনা: বৃষ্টির পানিতে ভিজে গুরুত্বপূর্ণ দলিলপত্র


