গতকালের এইচএসসি পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে দেড়টা থেকে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন। আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, দেশজুড়ের তীব্র বন্যা এবং অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গতকালের এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান । ৩ ঘন্টার মধ্যে দাবি না মানলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, খবর পেয়ে আমি সহ থানার ওসি ঘটনাস্থলে যাই। আমরা তাদের দাবিগুলো শুনেছি৷ তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দিতে বলি একই সাথে মহাসড়ক অবরোধ তুলে নিতে বলি৷ পরবর্তীতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
পড়ুন:খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইমি/


