ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিকল হয়ে যাওয়া একটি ভেকু (খননযন্ত্র) মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিকুল ইসলাম সফিক (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সফিকুল ইসলাম উপজেলার মোগড়া ইউনিয়নের কেন্দায় গ্রামের মালেক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আখাউড়া–আগরতলা সড়কের সাহেবনগর এলাকায় বিজয়পুর ছড়াবাড়ির বাসিন্দা হেলাল মিয়ার একটি ভেকু কাজ করার সময় বিকল হয়ে পড়ে। পরে সেটি মেরামতের জন্য ইলেকট্রিক মিস্ত্রি সফিকুল ইসলামকে ডাকা হয়। একপর্যায়ে তিনি সড়কের পাশের মূল বিদ্যুৎলাইন থেকে সংযোগ দেওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত সেখান থেকে সরে যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পড়ুন : কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


