জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ৫৯টি মামলার তদন্ত শেষে শুধু প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, প্রতিটি মামলায় বিপুলসংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, সংশ্লিষ্টতা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ যাচাই করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
জুলাই আন্দোলনের মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে ডিবি ৫৯টি মামলা তদন্ত করছে। প্রতিটি মামলায় অনেক আসামি রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করা, কার কী ভূমিকা ছিল তা নির্ধারণ এবং ফরেনসিক বিশ্লেষণসহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে এবং আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন ঘিরে করা মামলাগুলোর মধ্যে যদি কেউ ভিন্ন উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে মামলা করে থাকেন, তাহলে সেটিকে কোনোভাবেই সমর্থন করা হবে না।
তিনি বলেন, এসব মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএমপির একটি মনিটরিং সেল প্রতি ১৫ দিন পরপর মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে। একইভাবে পুলিশ সদরদপ্তরেও পৃথক মনিটরিং সেল রয়েছে, যেখানে নিয়মিতভাবে মামলাগুলো যাচাই-বাছাই করা হয়। তিনি আশ্বাস দিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে কেবল প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে।
তদন্তে কোনো জটিলতার মুখোমুখি হচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, তদন্তে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে হচ্ছে, আসামির সংখ্যাও অনেক। একই ঘটনার মামলায় বিভিন্ন ব্যক্তিকে আসামি করা হয়েছে। সবকিছু যাচাই করে যেন প্রকৃত তথ্যই মামলায় উঠে আসে, সে লক্ষ্যেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
পড়ুন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর আটক
আর/


