নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীর নৌ ফায়ার সার্ভিস স্টেশনের জেটিতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে সাদিক নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কর্মীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নৌ ফায়ার সার্ভিসের জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছিলেন ফায়ার কর্মী সাদিক, সামসুল এবং স্পিডবোটের চালক সজল। তারা স্পিডবোটের ওপর থেকে লাঠির সাহায্যে কচুরিপানা সরানোর সময় হঠাৎ সাদিক নদীতে পড়ে যান এবং অল্প সময়ের মধ্যেই তলিয়ে যান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে যাওয়ার সময় সাদিকের মাথা বা শরীরের অন্য কোনো অংশে আঘাত লাগতে পারে। এ কারণে তিনি দ্রুত পানির নিচে তলিয়ে যান।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও অভিযানে যোগ দেন। বিকেল ৩টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সাদিকের সন্ধান পাওয়া যায়নি। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমারকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আশরাফ উদ্দিন। জানা গেছে, সাদিক রাষ্ট্রীয় সম্মাননা পদকপ্রাপ্ত একজন ফায়ার সার্ভিস সদস্য।
এদিকে, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার জেনারেল জাহিদ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিখোঁজ কর্মীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, সাদিককে উদ্ধারে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পড়ুন : নেত্রকোনা ছাত্রদলের স্মরণসভা: জুলাই-আগস্টের চেতনা ধারণের আহ্বান


