চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রেরিত উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এবং পটিয়া ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিমের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এনসিপি সূত্রে জানা যায়, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে দলের স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন। উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করে তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুতের কাজও চলছে। ওই তালিকার ভিত্তিতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার এ ধারা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য মীর মনছুরুল ইসলাম, উপজেলা সদস্য মোহাম্মদ আরজু, জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আশরাফুল ইসলাম তক্কীর, মো. রবিউল হাসান, আবদুল আলিম, মোহাম্মদ মিসকাত, জুলাই যোদ্ধা মো. আকরাম, মোহাম্মদ আমজাত হোসেনসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

