সিরাজগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ধারালো অস্ত্রের হামলায় আহত আব্দুর রহমান (১৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌর এলাকার ফিরোজ আহমেদের ছেলে।
শুক্রবার (১৭ জুলাই) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় অপর যুবক হাছান শেখ (২২) এখনও চিকিৎসাধীন রয়েছে। এরআগে, মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত অবস্থায় অভিযোগ পাওয়া যায়নি। এখন যেহেতু একজনের মৃত্যু হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা টিটোন মাদক সেবন করে বাড়িতে এসে অশ্লালীন আচরণ ও গালাগাল শুরু করেন। এতে বাঁধা দিলে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আব্দুর রহমান ও হাছান শেখকে গুরুত আহত করে।
প্রথমে গুরুতর আহত আব্দুর রহমানকে ধানগড়া এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সে মারা যায়। অপর আহত হাছান শেখ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার জেরেই এ সংঘর্ষের সূত্রপাত। তবে এ ঘটনার পর থেকে অভিযুক্ত টিটোন পলাতক রয়েছে। এদিকে আহত যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম
সা/


