বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে নদ-নদীর পানি বেড়ে বরগুনার কয়েকটি গুরুত্বপূর্ণ ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় যানবাহন ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ঘাটসংলগ্ন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও নদীর পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বেড়িবাঁধের বাইরের বসতবাড়িগুলো নিয়েও উদ্বেগ বেড়েছে।
শুক্রবার (১৭ জুলাই) জেলার বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানান, স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে বরগুনা-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাটে। দুই ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি দিয়ে যানবাহন পারাপারে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বরগুনা-পুরাকাটা ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রী সেলিম খান বলেন, সকালে যে পরিমাণ পানি ছিল দুপুরে তা আরও বেড়েছে। দুর্যোগ এলেই আমাদের একই দুর্ভোগে পড়তে হয়। এখানে একটি সেতু নির্মাণ করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।
আরেক যাত্রী আহসান হাবীব বলেন, প্রতিবছরই এমন পরিস্থিতি হয়। পাথারঘাটা থেকে কেউ গুরুতর রোগী নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে যেতে চাইলে অনেক সময় তা সম্ভব হয় না। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়।
বড়ইতলা ফেরিঘাট এলাকার মো. আজিজ বলেন, উঁচু জোয়ার এলেই নদীর পানি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার একই অবস্থার মুখোমুখি হতে হয়।
বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জোয়ারের পানিতে জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশা করছেন।
পড়ুন : কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
সা/


