ঢাকার ধামরাইয়ে আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুশুরা ইউনিয়ন শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ. হাইয়ের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর।
সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগুন সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও জনজীবন বিপর্যস্ত করার যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ব্যাহত করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও সংগঠিত প্রতিবাদ অব্যাহত থাকবে।
সমাবেশে কুশুরা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদ জানান।
সমাবেশকে কেন্দ্র করে কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
পড়ুন : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত


