অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করেছে বর্তমান সরকার। প্রথম দফায় একসঙ্গে ২৭টি ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আজ এসব কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে আবারও আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে।অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপনকে। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। কাবাডির সাধারণ সম্পাদক করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।
সাবেক শুটার শারমিন আক্তার রত্নাকে দেওয়া হয়েছে জোড়া দায়িত্ব। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্বও পেয়েছেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের ছেলে ইশতিয়াক সাদেক। ভলিবলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম।। মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে বহাল আছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। একইভাবে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আহমেদ, জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান, বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে এম এ কুদ্দুস খানকেই রাখা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

