খুলনায় চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি আলিম হোসেন ওরফে আকাশ (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল।
শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলিম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা এবং মীর সোহরাব হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা ১৬ বছর বয়সী আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের একপর্যায়ে প্রধান সন্দেহভাজন হিসেবে আলিম হোসেন আকাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বৃক্ষ রোপন অভিযানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি


