মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খামারীরা তাদের কিভাবে পরিধি বাড়াতে পারে এবং টিকে থাকতে পারে এ ব্যাপারে ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। খামারির কৃষক কার্ডের আওতায় পড়বে। তারা যেনো ঋণের সুবিধা পায়। প্রোটিনের চাহিদা মিটানোর জন্য প্রত্যেক মানুষের ডিম খাওয়া উচিৎ।
শনিবার দুপুরে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন উদ্যোগে টাঙ্গাইলে পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষকে সচেতন হওয়া উচিত। যাতে করে এই শিল্পটি আমরা টিকিয়ে রাখতে পারি। মানুষের যে প্রোটিনের চাহিদা তা পূরণ করতে পারি। খামারিরা যাতে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ভাবেই এন্টিবায়োটিক ব্যবহার না করে। এটি মানবদেহের জন্য ক্ষতিকারক। কাজেই খাদ্য নিরাপত্তার বিষয়টি সবাইকে বিবেচনা করে পথ চলতে হবে। এই শিল্প যাতে এগিয়ে যেতে পারে, যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলি এসোসিয়েশনের সাথে বসে যে অনুযায়ী প্রদক্ষেপ নেয়া হবে।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন জেলা শাখার আহ্বায়ক শওকত আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বয়জার রহমান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশারফ হোসেন চৌধুরী এবং মহাসচিব এম. সাফির রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি প্রমুখ।
সভায় বক্তারা দেশের পোল্ট্রি শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নিরাপদ প্রোটিন উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে জেলার পোল্ট্রি খামারি অংশ নেন।
পড়ুন : খুলনায় নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক বাবা আলিম ওরফে আকাশ গ্রেপ্তার


