আওয়ামী লীগ সরকারের আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে আবারও অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম। এর আগে রোববার ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী উদ্ধার করেছিল সংস্থাটি। এরই ধারাবাহিকতায় সোমবারও অভিযান চালানো হচ্ছে।
সোমবার (২০ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আজও ইনভেন্টরির কাজ চলছে।
তিনি আরও জানান, গতকাল সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ ও ইনভেন্টরি কার্যক্রমে বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। সোমবারের অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
দুদকের তথ্য অনুযায়ী, গতকালের অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স (এর মধ্যে রোলেক্সের ৪টি), ৩ সেট মুক্তার গয়না, ৪টি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে।
বাসা থেকে উদ্ধার করা রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী, প্রতিটির দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার হতে পারে।
ক্ষমতার পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের শুরুতে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে সাত সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। টিম লিডারের বদলিজনিত কারণে পরে টিম পুনর্গঠন করা হয়।
সর্বশেষ ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নয় সদস্যের টিম অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।
এসব মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে আসামি করা হয়েছে। পাশাপাশি তার প্রতিষ্ঠানের কর্মচারী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অর্ধশত কর্মকর্তা-কর্মচারীকেও আসামি করা হয়েছে।
পড়ুন: রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ফের গ্রেপ্তার
আর/


