সিলেটের গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১৩তম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের মিলনায়তনেএসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেবল ভালো ফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, কোমলমতি শিক্ষার্থীদের একজন ভালো ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যত্নশীল হতে হবে।” তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ বছর ১৩তম মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কঠোর যাচাই-বাছাই ও মেধা তালিকার ভিত্তিতে সর্বমোট ২৫০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৩৮ জন ট্যালেন্টপুল এবং ১১২ জন সাধারণ গ্রেডে স্থান অর্জন করে।
অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্রের পাশাপাশি প্রাইজমানি তুলে দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের নগদ ৪০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের নগদ ৩০০ টাকা করে প্রদান করা হয়।
পড়ুন : সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সা/


