মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার, নারী ও শিশুর টেকসই উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, এমসিবিপি, মিড-ডে মিল কর্মসূচি এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
আলোচনায় মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ও ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সময়ে ফ্রান্স সরকারের সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর অধিকারকে অগ্রাধিকার দিয়ে নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করছেন। এটি সরকারের নারী উন্নয়ন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, স্নাতক পর্যন্ত নারীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ চালুর ফলে দেশে নারী শিক্ষার হার যেমন বেড়েছে, তেমনি কর্মক্ষেত্রেও তাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।
কর্মজীবী নারীদের সুবিধার্থে দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এসব কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনও করেছেন প্রধানমন্ত্রী।
পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, নিষেধাজ্ঞার শঙ্কা
আর/


