মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে অনিয়মের দায়ে আরও একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতি, লেবার রুম না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কর্তব্যরত কোনো চিকিৎসক এবং লেবার রুমও পাওয়া যায়নি। এছাড়া তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জে স্বাস্থ্যসেবাকে জনবান্ধব ও মানসম্মত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না।
পড়ুন:আনোয়ারায় বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ
ইমি/


