কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে বিদ্যানন্দন ইউনিয়নের তিস্তা নদী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, নদীভাঙন কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। ভাঙনের কারণে প্রতিবছর অসংখ্য পরিবার বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। তাই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম ভাঙনের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নদীভাঙন প্রতিরোধে চলমান কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং স্থানীয় জনগণকেও প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীর তীর রক্ষায় ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে জিও ব্যাগ ফেলা হবে। এতে নদীর স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণের পাশাপাশি তীর সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে এবং ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন হলে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।
পড়ুন : কালিয়াকৈরে ব্যবসায়ীকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ


