নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি এলাকার শ্রী শ্রী হরিদাস বাবাজির আশ্রমে শুক্রবার অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও নামসংকীর্তনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সুসজ্জিত রথে ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শত শত ভক্ত রথ টেনে নিয়ে যান। এ সময় আশ্রম প্রাঙ্গণজুড়ে বিরাজ করে ভক্তিময় ও উৎসবের আবহ।
উল্টো রথযাত্রা উপলক্ষে হাতিয়া গীতা শিক্ষা সারথি ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ধর্মীয় আলোচনা, মহাপ্রসাদ বিতরণ এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠ ভক্তরা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ, জাতি, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করেন।
আয়োজকদের ভাষ্য, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
পড়ুন : নেত্রকোনায় যুবলীগের মিছিল, পুলিশ বলছে ছড়ানো ভিডিওটি পূর্বের


