বিজ্ঞাপন

পাবনায় এমপি নাজিবুরের জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া

পাবনার সাঁথিয়া পৌর এলাকায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-ই-ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

​শুক্রবার (২৪ জুলাই) জুমার জামাতের ঠিক আগ মুহূর্তে পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদের ভেতরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করতে চান। ইতিপূর্বে গত শুক্রবারেও স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকদের বাধার কারণে তিনি সেখানে ইমামতি করতে পারেননি। আজ জুমার খুতবা শুরুর মুহূর্তে তিনি ইমামতি করতে গেলে মসজিদে উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকরা পুনরায় বাধা দেন।

​একপর্যায়ে মসজিদের ভেতরেই দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে নিয়োজিত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে মসজিদের নির্ধারিত নিয়মিত ইমামের ইমামতিতেই জুমার নামাজ সম্পন্ন হয়।

​সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি করিম অভিযোগ করে বলেন, দলীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জামায়াত এমপি অনাকাঙ্ক্ষিতভাবে এ পরিস্থিতির সৃষ্টি করেছেন। তিনি মাইক্রোফোন নিয়ে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন, যাতে কেউ বাধা দেয়নি। কিন্তু তিনি খুতবা পাঠ ও ইমামতির ঘোষণা দিলে স্থানীয়রা আপত্তি জানান। এসময় জামায়াত-শিবির ও এনসিপি কর্মীরা উসকানিমূলক আচরণ ও ধাক্কাধাক্কি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

​অন্যদিকে পাল্টা অভিযোগ এনে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, আমি ক্ষমতা প্রদর্শনের জন্য যাইনি, বরং স্থানীয় সাধারণ মুসল্লিদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বহিরাগত লোক এনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

​সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনা ঘটতে পারে—এমন আগাম খবরের ভিত্তিতে আগেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। নামাজের আগ মুহূর্তে মসজিদের ভেতরে কিছুটা কথা-কাটাকাটি ও হাতাহাতি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিআইডব্লিউটিসি’র নতুন চেয়ারম্যান হলেন নেত্রকোনার ড্যানী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন