টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও সরবরাহ সংকটের কারণে খুচরা বাজারে পেঁয়াজের দামে বড় লাফ দেখা গেছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগেও ৩৫ থেকে ৪০ টাকা ছিল।
শনিবার (২৫ জুলাই) ঢাকার মালিবাগ, রামপুরা এলাকার কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা যায়।
বাজারে ঘুরে দেখা যায়, খুচরায় প্রতি কেজি ভালো মানের বাছাই করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা ৩/৪ দিন আগেও ছিল ৪০ টাকা। একটু মাঝারি মানের বা তুলনায় ছোট আকারের পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা।
আর পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ২০০ থেকে ২২০ টাকার মধ্যে ছিল।
পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির পেছনে বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, মোকাম থেকে ঢাকায় পেঁয়াজ পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক এলাকায় গুদামে পানি জমে যাওয়ায় পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে।
মালিবাগ রেলগেট কাঁচা বাজারে বিক্রেতা আবদুল হাকিম বলেন, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে মূলত ঢাকায় পেঁয়াজ আসে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে মোকামেই এখন পেঁয়াজের দাম চড়া। আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতা জুলহাস বলেন, গত সপ্তাহে ৪০ টাকা কেজি পেঁয়াজ কিনেছি। এখন ২০ টাকা বেশি দিয়ে কিনলাম। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, হঠাৎ করে এমন দাম বৃদ্ধি আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে।
পড়ুন : সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী
সা/


