বিগত সরকারের সময়ে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেই অবস্থা থেকে উত্তরণে সরকার চিকিৎসার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করেছি। কিছুদিনের মধ্যেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যার টেন্ডার প্রক্রিয়ায় কার্যক্রম শুরু হবে।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালে লক্ষাধিক টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধসহ বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন: পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
আর/


