ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই রোগীর নাম রিয়া খাতুন (২০)। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে তিনি লাফ দেন।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। কয়েক বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনে রিয়ার বিয়ে হয়। পরে আল আমিন দেশে এসে কিছুদিন অবস্থান করার পর আবার সিঙ্গাপুরে ফিরে যান।
ভোরের দিকে সবার অজান্তে ওই ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে সে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পরই রিয়াকে এক সিঙ্গাপুর প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। পরে তার স্বামী দেশে এসে আবার চলে যায়। এরপর থেকে রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে। গত কিছুদিন ধরে সমস্যাটা বাড়তে থাকে। ঢামেক হাসপাতালে পাঁচদিন ধরে ভর্তি ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পড়ুন : নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট
সা/


