কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া এলাকায় অস্ত্র কিনতে এসে দুই ব্যক্তি স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। পরে তাদের গণধোলাই দিয়ে ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান (৪৪) এবং লাহিনী বটতলা এলাকার আকুলের ছেলে সবুজ (৪০)।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। এ সময় তারা দাবি করেন, মাজপাড়া এলাকার মজিদ মেম্বার নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র নিতে এসে তারা ধরা পড়েছেন। পরে একটি ব্যাগ থেকে একটি ভাঙা বন্দুক বের করে পুলিশের কাছে হস্তান্তর করতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, নান্দিয়ার বিলকে কেন্দ্র করে এলাকায় আবারও অস্ত্রের আনাগোনা শুরু হয়েছে। এতে নতুন করে সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের ভাষ্য, অতীতে এই বিলকে কেন্দ্র করে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দাবি করেছেন, তারা মাজপাড়া এলাকার মজিদ মেম্বার নামের এক ব্যক্তির কাছ থেকে বন্দুকটি কিনেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন: তীব্র গরমে বছরে ১৮০ কোটি ডলার ক্ষতি বাংলাদেশের: বিশ্বব্যাংক


