মুনির ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনব্যাপী নানা মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করেছে সংগঠনটি। শুক্রবার (৩১ জুলাই) আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডের সিকিউরিটি মার্কেট কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
একই সঙ্গে রক্তগ্রুপ নির্নয় কর্মসূচিতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ সহায়তা কার্যক্রমও পরিচালিত হয়। আয়োজকদের মতে, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মুনির ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই মুনির ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের বিশ্বাস, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন আমাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, “মানবসেবাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ প্রয়োজনের সময় সহযোগিতা পাক। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে মুনির ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।”
আয়োজকরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে মুনির ফাউন্ডেশন শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে সংগঠনটি তাদের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মুনির ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক করিমুল ইসলাম, পরিচালক আব্দুল গনি, সদস্য সাইমুল্লাহ, তানইমুল হক, বাতিন, রাকিব, ইকবাল, ইমতিয়াজ, জুবায়ের, রাহাত, আব্দুল হালিম, সাইদুল, জাহিদ, তানজিম, মাহাদি, তাজনুর, জাহেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
পড়ুন : বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪
সা/


