নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশের ঝোপ থেকে গলাকাটা অবস্থায় হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার নিরাপত্তাপ্রাচীর ঘেঁষা রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
আহত হৃদয় ইসলাম সৈয়দপুর উপজেলার চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে। তিনি একটি হোটেলে তন্দুর রুটি তৈরির কাজ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
স্থানীয় বাসিন্দা সাথী সরকার জানান, প্রতিদিনের মতো সকালে তারা হাঁটতে বের হন। এ সময় ঝোপের ভেতরে রক্তাক্ত অবস্থায় গলাকাটা এক যুবককে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ আসতে দেরি হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, আহত যুবকের পকেটে থাকা একটি কাগজে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার শাশুড়ি মিনা বেগম হাসপাতালে আসেন।
মিনা বেগম বলেন, প্রায় দেড় বছর আগে তার মেয়ের সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। তাদের একটি ছোট সন্তান রয়েছে। গত শুক্রবার হৃদয় একই এলাকার মমতাজুল ও জাহাঙ্গীর নামে দুজনের সঙ্গে কাজের জন্য নাটোরে গিয়েছিলেন। তবে কীভাবে তিনি এখানে এলেন এবং কারা তার ওপর হামলা করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজিব জানান, ধারালো চাকু দিয়ে হৃদয়ের গলা কাটা হয়েছে। এছাড়া তার হাত ও পায়েও জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রমেকে পাঠানো হয়েছে।
ওসি রেজাউল করিম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
পড়ুন:
আর/


