বন্দরে একটি বলাৎকার মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. সিমা আক্তার (২৮) বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই তার ৭ বছর বয়সী ছেলে ফাহিমকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত তাসকিন কিবরিয়ার বিরুদ্ধে তিনি বন্দর থানায় মামলা করেন। বর্তমানে ওই মামলার আসামি তাসকিন কারাগারে রয়েছেন।
অভিযোগে বলা হয়, মামলার পর থেকেই তাসকিনের বাবা বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি রুবেল কিবরিয়া বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ৩ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে সিমা আক্তারের বাড়ির পাশে এসে তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় সিমা আক্তার প্রতিবাদ করলে তাকে মারধরের চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি মামলা প্রত্যাহার না করলে সুযোগ বুঝে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জিডিতে সিমা আক্তার আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি খারাপ প্রকৃতির হওয়ায় তার ও পরিবারের সদস্যদের যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারেন। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের এস আই আলী আকবর জানায়, এব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : মন্ত্রিসভায় হতে পারে বড় রদবদল: আসতে পারেন ত্যাগী নেতারা


