বিজ্ঞাপন

কলমাকান্দায় অবৈধ বালুর বলি তরুণ শ্রমিক রিফাত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শ্রমিকের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

নিহত শ্রমিক রিফাত সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ওই এলাকায় বালু শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেও নদে দীর্ঘদিন ধরেই একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন অসংখ্য নৌকায় নদী থেকে বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বুধবার সকালে বরুয়াকোনা এলাকায় পাশাপাশি থাকা দুটি নৌকায় বালু তোলার কাজ চলছিল। এ সময় হঠাৎ দুই নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‍“হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।”

খবর পেয়ে দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে ওসি আরও বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশ নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এসব ঘটনায় বেশ কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে এবং একাধিক নৌকা জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে পর্যাপ্ত নৌযান না থাকায় নদীপথে অভিযান পরিচালনায় কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।”

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, “অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সম্প্রতি অভিযানে এর সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়াসহ একাধিক নৌকা জব্দ করা হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।”

এদিকে, কলমাকান্দার মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের ভয়াবহ চিত্র নিয়ে সম্প্রতি ‘নাগরিক ডটকম’ অনলাইন পোর্টালে গত ২৫ জুলাই “কলমাকান্দায় থামছে না অবৈধ বালু উত্তোলন: হুমকিতে বসতভিটা, সরকার হারাচ্ছে রাজস্ব” শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে অবৈধভাবে বালু উত্তোলন, এর ফলে সৃষ্ট নদীভাঙন, মারাত্মক পরিবেশ বিপর্যয় এবং প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। সেই প্রতিবেদনের রেশ কাটতে না কাটতেই এবার প্রাণ গেল এক তরুণ শ্রমিকের।

স্থানীয় সচেতন মহলের দাবি, কেবল লোকদেখানো অভিযান নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। নদীতে নজরদারি বৃদ্ধি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা না গেলে ভবিষ্যতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনা আরও ঘটার আশঙ্কা করছেন তারা।

পড়ুন : জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী


সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন