যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পালিত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (৫আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। এই অভ্যুত্থান সত্য, ন্যায়, দেশপ্রেম, সাহস, মানবিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল প্রতীক। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস ও আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি মূল্যবোধ, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দক্ষ, সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী অধ্যাপক শেখ মোঃ কামাল উদ্দিনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইউসুফ খান (আইইএম, ২১ ব্যাচ), সাফওয়ান আহমেদ ইফাজ (ইসিই, ২২ ব্যাচ) ও সিওফ আহমেদ (লেদার ইঞ্জিনিয়ারিং, ২৩ ব্যাচ)। অনুষ্ঠানে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জালাল মুন্সি ও ইমদাদুল হক এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
পরে জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দিবসের সমাপনীতে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামে ১১ দলের গণমিছিল


