ঢাকার ধামরাই উপজেলার কালামপুর- কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বজলুর রশীদের বাড়ি ধামরাই উপজেলার কাঁঠালিয়া এলাকায়। তিনি পেশায় একজন পশু চিকিৎসক (ভেটেরিনারি সেবাদাতা) ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে বজলুর রশিদ মোটরসাইকেলযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন। মধুডাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় একটি শিশুকে নিয়ে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি তাদের সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারালে পাশ দিয়ে আসা ইট বোঝাই একট ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. বজলুর রশীদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় ট্রাকের হেলপারও আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর বলেন, হাইওয়ে সড়কে সংঘটিত দুর্ঘটনাগুলো আমরা তদন্ত করি। এটি বাইপাস সড়কের দুর্ঘটনা। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা যেতে পারে।
অন্যদিকে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইলিয়াছ জানান, কালামপুর-কাওয়ালীপাড়া সড়কের মধুডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত তাঁদের কেউ অবহিত করেননি।
পড়ুন:গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেসিরাজগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান
ইমি/


