গ্যাস ও বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা।
বুধবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ভোগান্তির মধ্যে পড়েছে। একই সঙ্গে বিদ্যুতের মাসিক ডিমান্ড চার্জ ও মিটার চার্জ বহাল রাখা এবং ঘনঘন বিল বৃদ্ধি জনজীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এর ফলে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পরিবহনসহ প্রায় সব খাতেই উৎপাদন ব্যয় বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনজীবনের বাস্তবতা বিবেচনা না করে এ ধরনের মূল্যবৃদ্ধি জনস্বার্থের পরিপন্থী বলেও দাবি করা হয়।
জেলা জামায়াতের বক্তব্যে বলা হয়, জনগণের স্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারকে অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে।
স্মারকলিপিতে সংগঠনটি ছয় দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নিম্ন ও মধ্যবিত্তের স্বার্থে জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন, জনগণের মতামত ছাড়া মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত না নেওয়া, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
জেলা জামায়াতের নেতারা বলেন, “গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারসহ স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। স্মারকলিপিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষর করেন।
পড়ুন:সিরাজগঞ্জে ৪ দিন ধরে যমুনার পানি বাড়ছে
ইমি/


