বিজ্ঞাপন

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬

দেশে গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন মোটরসাইকেল আরোহী ও পথচারী। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩৮ জনের, আর পথচারী নিহত হয়েছেন ১০৬ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’- এ এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সারাদেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছেন। এছাড়া ৫১ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ১২ দশমিক ২৫ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত মাসে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন। এটি মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে, পথচারী নিহত হয়েছেন ১০৬ জন, যা মোট মৃত্যুর ২৫ দশমিক ৪৮ শতাংশ।

প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন।

রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ১৬৯টি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ৬৬টি শহরের সড়কে। এছাড়া সাতটি দুর্ঘটনা অন্যান্য স্থানে ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১৬৪টি দুর্ঘটনা (৩৫ দশমিক ৮০ শতাংশ) ঘটেছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে। এছাড়া ১২৩টি মুখোমুখি সংঘর্ষ, ১০৮টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৪টি পেছন থেকে আঘাত এবং ৯টি অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৭২টি। এছাড়া বাস ১২৪টি, ট্রাক ৯২টি, থ্রি-হুইলার ১৩১টি এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন যানবাহন ৫২টি দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল। সব মিলিয়ে দুর্ঘটনায় ৭১১টি যানবাহন জড়িত ছিল।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি জুলাই মাসে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া ২৯টি রেল দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

গত মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৩ জন শিক্ষার্থী, ২৩ জন রাজনৈতিক কর্মী, ২৭ জন স্থানীয় ব্যবসায়ী, ১৬ জন এনজিও কর্মী, ১৪ জন ব্যাংক ও বিমা কর্মকর্তা, ৭ জন শিক্ষক, ৩ জন সাংবাদিক, ২ জন চিকিৎসক, ২ জন প্রকৌশলী এবং ৩ জন আইনজীবী ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন