জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচিতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরও থাকতে পারে বলে জানা গেছে। এ সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
কূটনৈতিক ও দলীয় সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সফরকালে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফরকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ায় প্রস্তুতি শুরু হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সম্পৃক্ততার লক্ষ্যে এ সফরের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজনও চলছে।
পড়ুন: খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প
আর/


