প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা ও উদ্ভাবনী প্রতিভা বিকাশে গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’।
শনিবার (৮ আগস্ট) কালিয়াকৈর হাই-টেক পার্কে ইউএফটিবির রোবোটিক্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে সারাদেশ থেকে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশ নেন। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে মোট ১৬৬টি দল।
প্রতিযোগিতার বিভাগগুলোর মধ্যে ছিল—লাইন ফলোয়িং রোবট, রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস ও বোট রেসিং।
সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া,গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, বালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণদের প্রযুক্তির ব্যবহারকারীর পাশাপাশি উদ্ভাবক ও সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে উঠতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, ইউএফটিবি তরুণদের ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছে। ‘রোবোফিউশন ১.০’ এ লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
দিনব্যাপী প্রতিযোগিতার পাশাপাশি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে টেকনিক্যাল প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিকেল সাড়ে ৫টায় বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর সমাপ্তি হয়
পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
ইমি/


